ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মামুনুল বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি হেফাজতে ইসলাম

আলোচিত নেতা মাওলানা মামুনুল হক বিষয়ে হেফাজতে ইসলাম চট্টগ্রামের হাটহাজারীতে বৈঠকে বসেছে বলা হলেও সেই বৈঠকে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি এই বিষয়ে কোনো আলোচনাও হয়নি বলে দাবি করেছেন হেফাজতের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী।


রবিবার বিকালে হেফাজতে ইসলামের বৈঠকে শেষে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন বাবুনগরী। এ সময় হেফাজতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


লকডাউনেও কওমি মাদ্রাসা বন্ধ না করা, মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে নেতাকর্মীদের হয়রানি বন্ধসহ বিভিন্ন বিষয়ে সভার সিদ্ধান্তের কথা জানান। এক পর্যায়ে সাংবাদিকরা প্রশ্ন করেন মাওলানা মামুনুল হক বিষয়ে।


এ সময় বাবুনগরী বলেন, ‘আজকের বৈঠকে আমরা কোনো ব্যক্তির সম্পর্কে কোনো আলোচনা করিনি।’ এ সময় সাংবাদিকরা মামুনুল হকের ব্যাপারে হেফাজতের বক্তব্য জানতে চাইলে বাবুনগরী বলেন, ‘এটা তার ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই।’


গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এক নারীসহ অবরুদ্ধ হন স্থানীয় কিছু মানুষের দ্বারা। তিনি তখন দাবি করেন, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী। পরে খবর পেয়ে হেফাজতে ইসলামের সমর্থকেরা ব্যাপক তাণ্ডব চালিয়ে মামুনুল হককে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়। এরপর থেকে তুমুল আলোচনা-সমালোচনায় পড়েন মামুনুল হক। ভেতরে-বাইরে থেকে দাবি উঠে, তাকে হেফাজতের পদ থেকে সরিয়ে দিতে। আজকের বৈঠকে হেফাজতের আলোচিত এই নেতার ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে বলে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তিনি স্বপদে বহাল রইলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑